• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে আশ্বাস এরদোয়ানের রাজারহাটে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল ৱ্যালি গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি, পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন-ক্যামেরা দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের মহড়া-ভাঙচুর আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি আটোয়ারীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৩ হাজার ৫৭০ জন পাচ্ছেন সরকারি সুবিধা শ্রীবরদীতে কৃষকরা বিনামূল্যে পেল সরিষার বীজ ও সার
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের মহড়া-ভাঙচুর

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

Views: 1

লগি-বৈঠা, রামদা, শান, লাঠিসোঁটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় নতুন করে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।-খবর সংবাদদাতা, গোপালগঞ্জ।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি চলে। এতে শহরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে থাকেন। সেখানে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। পরে তারা গাবতলা মোড়ে গিয়ে মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

অন্যদিকে, ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্রিত হয়।

মিছিল চলাকালে নেতা-কর্মীদের অনেকের হাতে লগি-বৈঠা, ঝাড়ু, লাঠিসোঁটা, রামদা ও বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। কারও কারও মাথায় ছিল হেলমেট। পরে তারা বিভিন্ন স্লোগান দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বিভিন্ন সড়কে প্রবেশ করেন তারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিছিল থেকে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। এছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক ভেঙে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের ব্যানার সরিয়ে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা ব্যানার টাঙিয়ে দেয়া হয়।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

এ সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করেন। এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ স্লোগানও লিখে দেয়া হয়। পাশাপাশি শহরের লঞ্চঘাট এলাকার কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। গত ১১ নভেম্বর থেকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা সদরসহ বিভিন্ন স্থানে টহল জোরদার করা হয়েছে।

যশোর এরিয়ার বিজিবির রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় বিজিবি সদস্যরা কাজ করছেন।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলাজুড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর