Views: 1

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আয়োজনে লর্ডসে আগামী ৩ জুন ২০২৭ তারিখে বাংলাদেশ ও নেপালের মধ্যে এই একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই দিনে ওই মাঠে টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঐতিহাসিক লর্ডসের মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের এটিই হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ২০১৮ সালের জুলাইয়ে নেদারল্যান্ডস ও নেপালের মধ্যকার বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের পর থেকে ক্রিকেটের এই তীর্থভূমিতে আর কোনো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের মে মাসে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে একটি করে টেস্ট খেলতে যুক্তরাজ্য সফরে যাবে বাংলাদেশ দল। প্রাথমিক পরিকল্পনায় সফরটি ছিল কেবল ইংল্যান্ডের বিপক্ষে একটি মাত্র টেস্টের, তবে পরবর্তীতে আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি টেস্ট যুক্ত করা হয়।
চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে সফর শুরু করবে টাইগাররা। এরপর ২৮ মে ঐতিহ্যবাহী লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে দল। টেস্ট শেষেই খেলোয়াড়দের দেশে ফেরার কথা থাকলেও নতুন সূচিতে নেপাল ম্যাচ যুক্ত হলো।
এমসিসির ব্যবস্থাপনায় পরিচালিত এই সফরে নেপাল দলও যুক্তরাজ্যে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। সেখানে তারা স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ানডে, বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
এদিকে, লর্ডসের এই ঐতিহাসিক মহারণের আগেই নেপালের মাটিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের কীর্তিপুরে আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।