Views: 1

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। সংবিধান ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন, এটাই জাতির প্রত্যাশা।-খবর তোলপাড়।
আগামীকাল ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সাত বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসের গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে শত্রু বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। এই সমন্বিত অভিযান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছিল।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে শক্তিশালী করছে।
রাষ্ট্রপতি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিনীর সম্প্রসারণ এবং প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তিনি বলেন, এসব উদ্যোগের ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে। বর্তমান সরকার বাহিনীকে আরও শক্তিশালী, আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
রাষ্ট্রপতি জানান, পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রতিরক্ষা পরিকল্পনা, প্রতিরোধ সক্ষমতা এবং জাতীয় নিরাপত্তা কৌশল উন্নয়নে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়াচ্ছে।
সবশেষে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন। পাশাপাশি বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।