Views: 0

ঢাকার ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে ওপেন হার্ট সার্জারির পর এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিকিৎসক ডা. মঞ্জুরুল আলমের বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ তুলেছেন রোগীর স্বজনরা। তাঁদের দাবি, অপারেশন সফল হয়েছে এবং রোগীর অবস্থা ভালো— এমন আশ্বাস দেওয়ার কিছুক্ষণ পরই তাঁরা জানতে পারেন, রোগীর হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, রোগীর চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অসহযোগিতা ও অসংগতিপূর্ণ বক্তব্যের অভিযোগও করেছেন তাঁরা।-খবর তোলপাড়।
এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে স্বজনদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের ভেতরে হামলার শিকার হয়েছেন ভিওডি বাংলার সিনিয়র রিপোর্টার মো. মুজাহিদুল ইসলাম নাঈম। হাসপাতালের ম্যানেজার পরিচয় দেওয়া এক ব্যক্তি তাঁকে সংবাদ সংগ্রহে বাধা দেন। এক পর্যায়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ভিডিও মুছে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন এই সাংবাদিক।
স্বজনদের অভিযোগ, সাড়ে তিন লাখ টাকার প্যাকেজে ডা. মঞ্জুরুল আলমের অধীনে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ওপেন হার্ট সার্জারির সময় নির্ধারিত থাকলেও চিকিৎসক হাসপাতালে পৌঁছান সাড়ে ৩টার দিকে। পরে বিকেল ৪টার দিকে রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
পরিবারের দাবি, অপারেশন চলাকালে চিকিৎসক অপারেশন থিয়েটার থেকে বের হয়ে নিচে রোগী দেখছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসকের সহকারীর কাছে জানতে চাইলে জানানো হয়, চিকিৎসক অপারেশন থিয়েটারে রয়েছেন। পরে রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসক জানান, তিনি এখনই অপারেশন করবেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, অপারেশন থিয়েটারে প্রবেশের প্রায় ২০ মিনিট পর চিকিৎসক বের হয়ে জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি নিজ হাতে অপারেশন করেছেন। এমনকি অপারেশনের ভিডিও দেখিয়ে রোগীর অবস্থা ভালো বলেও আশ্বস্ত করেন।
কিন্তু এরপরই পরিস্থিতি নিয়ে তৈরি হয় নতুন প্রশ্ন। স্বজনদের অভিযোগ, কিছুক্ষণ পর রোগীর রক্তচাপ ওঠানামার কথা জানিয়ে ৭০ হাজার টাকার একটি মেশিনের প্রয়োজনীয়তার কথা বলা হয়। তাঁরা চিকিৎসার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্মতি দেন। পরে জানানো হয়, মেশিন ব্যবহারের পর রোগীর রক্তচাপ স্বাভাবিক রয়েছে, কোনো সমস্যা নেই।
এরপর রোগীকে আইসিইউতে নেওয়ার কথা বলা হলেও দীর্ঘ সময় তাঁকে সেখানে স্থানান্তর করা হচ্ছিল না। স্বজনরা আবারও চিকিৎসকের কাছে রোগীর অবস্থা জানতে গেলে তিনি অপারেশন শতভাগ সফল হয়েছে এবং রোগী ভালো আছেন বলে আশ্বস্ত করেন। এর পাশাপাশি আরও দুই ব্যাগ রক্তের প্রয়োজন জানিয়ে দুই হাজার টাকা জমা দিতে বলা হয়।
স্বজনদের দাবি, পরে রোগীর এক আত্মীয় ভেতরে গিয়ে দেখতে পান, রোগীর হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা চিকিৎসকদের কাছে গেলে জানতে পারেন, প্রায় এক ঘণ্টা ধরে রোগীকে সিপিআর দেওয়া হচ্ছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
পরিবারের প্রশ্ন, রোগীর অবস্থা যদি ভালোই থাকে, তাহলে কিছুক্ষণের ব্যবধানে এমন পরিস্থিতি তৈরি হলো কীভাবে? কেন রোগীকে আইসিইউতে নেওয়ার বিষয়ে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি? চিকিৎসার প্রকৃত অবস্থা কেন স্বজনদের কাছে স্পষ্ট করা হয়নি? এসব প্রশ্নের উত্তর ও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছেন তাঁরা।
রোগীর মৃত্যুর ঘটনায় প্রশ্ন, সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তা
রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন ভিওডি বাংলার সিনিয়র রিপোর্টার মো. মুজাহিদুল ইসলাম নাঈম।
সাংবাদিকের অভিযোগ, হাসপাতালের ম্যানেজার পরিচয় দেওয়া এক ব্যক্তি তাঁকে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন। নিজেকে গণমাধ্যমকর্মী পরিচয় দিয়ে ঘটনার তথ্য সংগ্রহের কথা জানালেও ওই ব্যক্তি তাঁকে বারবার সেখান থেকে চলে যেতে বলেন। এক পর্যায়ে তাঁর গায়ে হাত দেওয়া, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ভিডিও মুছে ফেলারও চেষ্টা করা হয়।
ঘটনাস্থলে ধারণ করা অডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “মিডিয়াকর্মী হিসেবে আপনি এখানে থাকতে পারবেন না। এখানে কোনো মিডিয়া-টিডিয়া কিছু নাই।”
একপর্যায়ে সাংবাদিককে ভিডিও ধারণের লাইট বন্ধ করার নির্দেশ দিয়ে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “লাইভটা বন্ধ করেন, ভিডিও লাইভটা বন্ধ করেন।” যদিও তিনি তখন লাইভ করছিলেন না।
অর্থাৎ রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনদের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে শুধু হামলার শিকারই হতে হয়নি, বরং তাঁর ধারণ করা ভিডিও ও মোবাইল ফোনের নিরাপত্তা নিয়েও তৈরি হয় উদ্বেগ।
প্রশ্ন উঠেছে, একটি হাসপাতালে রোগীর মৃত্যুর মতো গুরুতর ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিককে কেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে? অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার পরিবর্তে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার প্রয়োজনই বা কেন হলো?
জবাবদিহিতা কোথায়?
একদিকে রোগীর মৃত্যু ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, অন্যদিকে চিকিৎসার বিভিন্ন পর্যায়ে স্বজনদের দেওয়া তথ্যের সঙ্গে ঘটনার অসংগতির দাবি। এর সঙ্গে যুক্ত হয়েছে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে হেনস্তা, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ভিডিও মুছে ফেলার চেষ্টার অভিযোগ।
গ্রিন লাইফ হাসপাতালের মতো একটি প্রতিষ্ঠানে এমন অভিযোগ ওঠার পরও রোগীর মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসার প্রতিটি ধাপ সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া জরুরি। রোগীর স্বজনদের প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি সাংবাদিককে হেনস্তার অভিযোগেরও তদন্ত হওয়া প্রয়োজন।
রোগীর মৃত্যুর প্রকৃত কারণ, অস্ত্রোপচারে কোনো চিকিৎসাগত অবহেলা ছিল কি না, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা এবং সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কারা জড়িত—সবকিছু নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।