Views: 6

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে ২০২৬ সালে মিয়ানমার থেকে দেশে ফিরেছেন মোট ৩২৩ জন জেলে।-খবর তোলপাড়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাফ নদীর শূন্যরেখায় বিজিবির একটি প্রতিনিধি দল তাদের গ্রহণ করে। পরে তাদের টেকনাফের জেটিতে নিয়ে আসা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত বাংলাদেশের জেলেরা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছিলেন। বিভিন্ন সময়ে তাদের আটক করে মিয়ানমারের ভেতরে কারাগার ও আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকায় রাখা হয়েছিল।
তিনি বলেন, দীর্ঘ যোগাযোগ, কূটনৈতিক প্রচেষ্টা ও মানবিক উদ্যোগের মাধ্যমে তাঁদের মুক্ত করা সম্ভব হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় যাচাইয়ের কাজ শেষ করলে জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশি মাছ ধরার নৌকাসহ মোট ৪৩৪ জন জেলেকে আটক করেছিল আরাকান আর্মি। তাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা।
পরবর্তী সময়ে কয়েক দফায় ৩৪৮ জনকে মুক্ত করে দেশে ফেরানো হয়। তাদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি এবং ১৯১ জন রোহিঙ্গা ছিলেন।
এরপর ১৯ আগস্ট আরও ২৪ জন জেলেকে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি এবং আটজন টেকনাফের রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবারের ৪১ জনসহ ২০২৬ সালে মিয়ানমার থেকে দেশে ফেরানো জেলের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৩ জনে।