• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

পুকুরে মিলল হাত-পা বাঁধা গৃহবধূর মরদেহ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

Views: 6

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুর থেকে রত্না দাস (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে শ্বশুরবাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।-খবর সংবাদদাতা,ব্রাহ্মণবাড়িয়া।

নিহত রত্না দাস খাগালিয়া গ্রামের কুড়ের হাটির সুশীল দাসের স্ত্রী। তাঁর বাবার বাড়ি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মধ্যপাড়ায়। তিনি ওই এলাকার মহল্লাল দাসের মেয়ে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পর রত্নাকে হাত-পা বেঁধে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাতে বাড়ি থেকে নিখোঁজ হন রত্না দাস। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরদিন নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর স্বামী সুশীল দাস।

বুধবার বিকেলে বাড়ির পাশের পুকুরে একটি বস্তু ভাসতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে যান। এ সময় তাঁরা হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেওয়া হয়। স্বজনেরা মরদেহটি রত্না দাসের বলে শনাক্ত করেন।

খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচাতো দেবর বলরাম দাস অভিযোগ করে বলেন, ‘দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘরে থাকা রশি ও পাথর দিয়ে বেঁধে বৌদিকে পুকুরে ফেলে হত্যা করা হয়।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা জানার চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর