Views: 0

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) গোলাগুলির খবর পাওয়া গেছে।-খবর সংবাদদাতা, রাঙ্গামাটি ।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাজেকের মাচালং ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে এই গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন বলেন, মাচালংয়ের ১৪ কিলোকিলোমিটার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনাকালে জেএসএসের সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। তবে ঘণ্টাখানেক ধরে কোনো গুলির শব্দ পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।