• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমেই সুবিধাবঞ্চিত মানুষের জীবনে বড়ো পরিবর্তন আনা সম্ভব জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

Views: 0

পিআইডি, রংপুর :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছোট ছোট মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমেই সুবিধাবঞ্চিত মানুষের জীবনে বড়ো পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, শুধু অর্থ সহায়তা নয়, অসহায় মানুষকে কর্মমুখী করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রবিবার (৯ই আগস্ট) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা ‘লাভ শেয়ার বিডি’র উদ্যোগে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর উদ্বোধন এবং ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ২৫টি চা-ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী লাভ শেয়ার বিডি’র এধরনের উদ্যোগে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসীদের আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। রংপুর বিভাগের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানীয় নেতাদের নিজ নিজ এলাকার মানুষের স্বাবলম্বিতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে হবে।

দেশের উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অর্থনীতি পুনরুদ্ধার, কৃষি ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জ্বালানি সংকট মোকাবিলায় নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, কোনো উন্নয়ন একদিনে সম্ভব নয়। একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তা বাস্তবায়নে সময় প্রয়োজন। তাই গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (রাষ্ট্রদূত পদমর্যাদা) মুসফিকুল ফজল আনসারী বলেন, লাভ শেয়ার বিডির উদ্যোক্তাগণ নিজেদের উপার্জনের অর্থ ব্যয় করে দেশের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। এই ধরনের উদ্যোগের পরিধি ছোট হলেও এর উদ্দেশ্য অত্যন্ত মহৎ বলে মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান বলেন, মানুষের অসহায়ত্ব ও দারিদ্র্যের বাস্তব অভিজ্ঞতা থেকেই সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষকে শুধু সহায়তা নয়, স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।

উদ্‌বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান সামু, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে চা-ঘর হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর