ইকোনোমিক টাইমসকে ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তারা বলেছেন, ২০টি ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের কোচ জুলাইয়ে রপ্তানির জন্য প্রস্তুত আছে।
ভারত থেকে ৯১৫ কোটি রুপিতে ২০০টি ব্রডগেজ কোচ কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। ২০টি কোচ সেই চুক্তির অংশ হিসেবে পাঠানো হবে।-খবর তোলপাড়।
এই কোচ কেনায় অর্থায়ন করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক নিলামের মাধ্যমে ভারত এই কোচ নির্মাণের কাজ পায়।
ভারতীয় রেলওয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নতুন চুক্তির আওতায় কোচ সরবরাহের প্রথম রেক আগামী জুলাইয়ের মধ্যে প্রস্তুত করা হবে। বাংলাদেশের কাছে এসব রেল বগি হস্তান্তরের প্রস্তুতিও ইতোমধ্যে শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের রপ্তানি কার্যক্রমে কিছু অনিশ্চয়তা তৈরি হয়। তবে নতুন করে ২০টি কোচ সরবরাহের মাধ্যমে বাংলাদেশে ভারতের রেল কোচ রপ্তানি পুনরায় শুরু হতে যাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রকল্পের কাজ কিছুটা ধীর হয়ে পড়ে বলে ভারতীয় রেল কর্মকর্তারা জানান। তবে বর্তমানে কাজ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে।
এর আগে এই ২০০টি কোচের প্রকল্পের অংশ হিসেবে ভারত বাংলাদেশে ১২০টি ব্রডগেজ কোচ, ২৫টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছিল। দুই দেশের মধ্যে যোগাযোগ ও পরিবহন অবকাঠামো উন্নয়নে এসব সরবরাহকে গুরুত্বপূর্ণ সহযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
সর্বশেষ চুক্তি অনুযায়ী শুধু কোচ সরবরাহই নয়, ভারত বাংলাদেশকে ডিজাইন সাপোর্ট, প্রয়োজনীয় যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং কোচ চালু ও পরিচালনায় প্রযুক্তিগত সহায়তাও প্রদান করবে।