Views: 0

ব্রাজিল ও উরুগুয়েকে ভারতে খেলতে এনে বড় ধরনের আর্থিক চাপে পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। দুই দেশের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করলেও এখনো নির্ধারিত পারিশ্রমিকের পুরো অর্থ পরিশোধ করতে পারেনি ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।-খবর তোলপাড়।
বকেয়া অর্থ পরিশোধে স্থায়ী আমানত ভাঙার প্রস্তাব দিয়েছিলেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তবে তাঁর এ প্রস্তাবে আপত্তি জানিয়েছেন নির্বাহী কমিটির সদস্যরা।
গত মাসে কলকাতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ আয়োজন করে ভারত। এ ছাড়া বেঙ্গালুরুতে পানামার বিপক্ষেও একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
পানামাকে নির্ধারিত পারিশ্রমিকের পুরো অর্থ পরিশোধ করা হলেও ব্রাজিল ও উরুগুয়ে এখন পর্যন্ত পেয়েছে তাদের পাওনার মাত্র ৫০ শতাংশ।
টাইমস অব ইন্ডিয়া–এর প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের কাছে প্রায় ১৯ কোটি রুপি বকেয়া রয়েছে। অন্যদিকে উরুগুয়ের পাওনা ৪ কোটি ৭০ লাখ রুপি। দুই দেশের বকেয়া অর্থ পরিশোধে তাই অতিরিক্ত সময় চেয়েছে এআইএফএফ।
বকেয়া পরিশোধের জন্য ২০ কোটি রুপির স্থায়ী আমানত ভাঙতে চেয়েছিলেন সভাপতি কল্যাণ চৌবে। তবে তাঁর প্রস্তাবে সম্মতি দেননি ফেডারেশনের সদস্যরা। তাঁদের যুক্তি, জরুরি প্রয়োজন ছাড়া এই অর্থ ব্যবহার করা উচিত নয়। তা ছাড়া নির্বাহী কমিটির অনুমোদন ছাড়া স্থায়ী আমানতের অর্থ তোলার সুযোগও নেই।
বিষয়টি পর্যালোচনার জন্য সহসভাপতি এনএ হারিসের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, টিকিট বিক্রি থেকে ৩০ থেকে ৪০ কোটি রুপি আয়ের প্রত্যাশা করেছিল ফেডারেশন। কিন্তু টিকিটের চড়া দামের কারণে প্রত্যাশিত বিক্রি হয়নি। এমনকি টিকিট বিক্রির অংশীদারের কাছ থেকে নেওয়া ২৫ কোটি রুপির অগ্রিম অর্থেরও একাংশ ফেরত দিতে হতে পারে সংস্থাটিকে। ফলে ব্রাজিল ও উরুগুয়ের পারিশ্রমিক পরিশোধ নিয়ে আরও চাপে পড়েছে এআইএফএফ।