পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুর্ঘটনার পর ১৯ জন শিশুকে কাহনা তহসিল সদর (টিএইচকিউ) হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।
পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির বিষয়টি নিশ্চিত করে আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত আরও চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।-খবর তোলপাড়।
স্বাস্থ্যমন্ত্রী ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন এবং জানান, উদ্ধার অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে।
উদ্ধার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় কোচিং সেন্টারের ভেতরে ৩০ জনেরও বেশি শিশু উপস্থিত ছিল।
পুলিশ জানিয়েছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। এ সময় নিচতলায় শিশুরা ক্লাস করছিল। হঠাৎ করেই ছাদ ধসে পড়ে।
এ ঘটনায় ভবনের মালিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। ছাদ ধসের কারণ জানতে তদন্ত চলছে।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও ঘটনাটির তদন্ত প্রতিবেদন তলব করেছেন। তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।