Views: 1

শিক্ষা, কর্মসংস্থান কিংবা প্রশিক্ষণের সুযোগ থেকে ঝরে পড়া যুব-নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে গ্রাম পর্যায়েই গড়ে তোলা হবে প্রশিক্ষণ কেন্দ্র। বাজারের চাহিদা অনুযায়ী এসব কেন্দ্রে দেওয়া হবে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ। ফলে প্রশিক্ষণ নিতে নারীদের আর দূরে ছুটতে হবে না; বরং নিজ এলাকায় থেকেই দক্ষতা অর্জন ও আয়ের সুযোগ তৈরি হবে।-সম্পাদনায় জ্যেষ্ঠ প্রতিবেদক।
যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন)’ প্রকল্পের মাধ্যমে এমন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রস্তুতি সরেজমিনে দেখতে গত ২০ ও ২১ নভেম্বর রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) কাজী মোখলেছুর রহমান।
দুই দিনের পরিদর্শনকালে তিনি রংপুরে প্রকল্পের আঞ্চলিক কার্যালয় ছাড়াও নীলফামারীর ডিমলা এবং কুড়িগ্রামের বিভিন্ন মাঠপর্যায়ের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ, স্থানীয় বাস্তবায়ন সহযোগী সংস্থাগুলোর কার্যক্রম এবং গ্রাম পর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্র (ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টার—ভিএলটিসি) পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন আর্ন প্রকল্পের রংপুর বিভাগের ব্র্যাকের নাজমুল ইসলাম চৌধুরী ও সলিডারিটি সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এমএম হারুন অর রশিদ লাল।
কুড়িগ্রামে উপকারভোগী নির্বাচনের কার্যক্রম পর্যবেক্ষণকালে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নির্ধারিত মানদণ্ড অনুসরণ এবং প্রকল্পের লক্ষ্য অনুযায়ী উপযুক্ত যুব-নারীদের অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব দেন তিনি। পাশাপাশি স্থানীয় বাস্তবায়ন সহযোগী সংস্থাগুলোর চলমান উদ্যোগ ও কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
নীলফামারীর ডিমলায় ভিএলটিসি পরিদর্শন করে প্রশিক্ষণ কেন্দ্রের প্রস্তুতি, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিবেশ সম্পর্কে অবহিত হন প্রকল্প পরিচালক। এ ছাড়া নীলফামারীতে ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্টের কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয় তরুণ-তরুণী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কাজী মোখলেছুর রহমান। তিনি বলেন, ‘এই প্রকল্পের আওতায় গ্রাম পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে বাজারের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে আয়ের সুযোগ সৃষ্টি করা হবে।’
তিনি আরও বলেন, ‘গ্রাম পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হলে স্থানীয় যুব-নারীদের, বিশেষ করে নারীদের প্রশিক্ষণ নিতে দূরে যেতে হবে না। বাজারে যেসব কাজের চাহিদা রয়েছে, সেসব কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে প্রশিক্ষণ শেষে তাঁদের কর্মসংস্থান ও আয় করার সুযোগ তৈরি হবে।’
প্রকল্প সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলার ২২টি উপজেলার ২৬২টি ইউনিয়নে মোট ৮৪ হাজার যুব-নারীকে এ প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা বিকাশের সুযোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা যুব-নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই প্রকল্পটির মূল উদ্দেশ্য।
রংপুর অঞ্চলে ব্র্যাকের সমন্বয়ে ছয়টি সহযোগী সংস্থা—প্রান্তিক, বিডিএসসি, জিইউকে, ছিন্নমূল মহিলা সমিতি, রিসডা ও সলিডারিটি প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে। গ্রাম পর্যায়ে স্থাপিতব্য ভিএলটিসিগুলো থেকে যুব-নারীরা বিভিন্ন ধরনের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

পরিদর্শনকালে ব্র্যাকের আর্ন প্রকল্পের রংপুর অঞ্চলের টিম লিডার এ জেড এম নাজমুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, কর্মকর্তা ও সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা প্রকল্পের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, চলমান কার্যক্রম, অর্জিত অগ্রগতি এবং বাস্তবায়নের বিভিন্ন দিক প্রকল্প পরিচালকের সামনে তুলে ধরেন।
সংশ্লিষ্টদের মতে, গ্রাম পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও বাজারের চাহিদার সঙ্গে প্রশিক্ষণের সমন্বয় করা সম্ভব হলে কর্মসংস্থান থেকে পিছিয়ে থাকা যুব-নারীদের দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার নতুন সুযোগ তৈরি হবে।