পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৯ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য রয়েছেন।
বুধবার (৮ জুলাই) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।-খবর তোলপাড়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের সূত্রপাত হয়। পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, অভিযানে সশস্ত্র গোষ্ঠীর আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে সহিংসতার ঘটনা বেড়েছে। এর ধারাবাহিকতায় সর্বশেষ এই সংঘর্ষের ঘটনা ঘটল।
এর আগের দিন জিয়ারাত জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক এক সংঘর্ষে নয়জন পুলিশ সদস্য নিহত হন।
খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান বহু বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC)-এর গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে।