Views: 0

বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতা ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিকদের গ্রেপ্তার, হত্যা, শারীরিক নির্যাতন, মামলা, চাকরিচ্যুতি এবং আর্থিক ও পেশাগত বিধিনিষেধের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’।-খবর তোলপাড়।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে গণমাধ্যমটি একটি বেসরকারি সংগঠনের বরাত দিয়ে উল্লেখ করেছে, চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত গত ২৬ মাসে বাংলাদেশে ৮৪ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, ১৯ জন নিহত হয়েছেন বা অস্বাভাবিক পরিস্থিতিতে মারা গেছেন। ১১৮ জন হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। হত্যা ও গণহত্যার মামলায় আসামি করা হয়েছে ৪৪৬ জন সাংবাদিককে। এ ছাড়া চাকরি হারিয়েছেন বা অপসারিত হয়েছেন ১ হাজার ২০০ জনের বেশি সাংবাদিক। বাতিল বা স্থগিত করা হয়েছে ১৬৮টি প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড এবং জাতীয় প্রেস ক্লাবের ৭০০টি সদস্যপদ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৫৪ জন সাংবাদিকের বিদেশযাত্রায় বাধা, ৪৭ জনের ব্যাংক হিসাব স্থগিত এবং ১৯টি সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জামিন ছাড়া কারাগারে রয়েছেন ৫০ জনের বেশি সাংবাদিক। পাশাপাশি ২০০টির বেশি সংবাদ ওয়েবসাইট বন্ধ এবং ৬২ জন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষককে টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান থেকে অনানুষ্ঠানিকভাবে দূরে রাখার অভিযোগ করা হয়েছে।
তবে এসব পরিসংখ্যানের স্বাধীন নিরীক্ষা এখনো পাওয়া যায়নি।
অন্যদিকে, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যবেক্ষণে ২৮৮টি ঘটনায় ৫১৮ জন সাংবাদিকের ওপর নির্যাতন, হয়রানি বা হুমকির তথ্য উঠে এসেছে। একই সময়ে ২৯৭ জন সাংবাদিক আহত হয়েছেন।
জাতিসংঘের নির্বিচার আটকবিষয়ক ওয়ার্কিং গ্রুপ ২০২৫ সালে সাংবাদিক শাহরিয়ার কবিরের আটককে নির্বিচার আখ্যা দিয়ে অবিলম্বে মুক্তির সুপারিশ করে।
এদিকে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) ২০২৬ সালের বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম। ২০২৫ সালে ছিল ১৪৯তম, আর ২০২৪ সালে ১৬৫তম। অর্থাৎ ২০২৫ সালে উন্নতি হলেও পরের বছর আবার তিন ধাপ অবনতি হয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনার শাসনামলেও সাংবাদিকদের ওপর দমন-পীড়ন, গ্রেপ্তার ও ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের অভিযোগ ছিল।