• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে তিনদেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

Views: 0

বাংলাদেশ থেকে ডাক্তার-নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নেওয়ার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের জন্য বাংলাদেশে নবনিযুক্ত ফিজি ও গায়ানার অনাবাসিক হাইকমিশনার এবং অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।-খবর তোলপাড়।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বঙ্গভবনে দেশগুলোর হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে তিনি এ আহ্বান জানান। সকালে প্রথমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক, পরে গায়ানার হাইকমিশনার ধারামকুমার সীরাজ এবং সবশেষে পরিচয়পত্র পেশ করেন ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি।

রাষ্ট্রপতি আলাপকালে রাষ্ট্রদূতদের বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে, যাঁরা বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। তিনি এ সময় অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট এবং ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান। এ ক্ষেত্রে স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সে দেশের প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার ব্যালেন এর প্রতি তার শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিঁনি বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর ও সরাসরি বাণিজ্যিক যোগাযোগ এবং নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় রাষ্ট্রদূত বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশকে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদানে তাঁর দেশের আগ্রহের কথা জানান। রাষ্ট্রপতি বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশনা দেন।

গায়ানার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাম্প্রতিক নির্বাচনে গায়ানার প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলী পুনর্নির্বাচিত হওয়ায় সে দেশের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান এবং তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি গায়ানার বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান এবং গায়ানায় বাংলাদেশের ওষুধ রপ্তানি সম্প্রসারণে প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন।

ফিজির হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুনীল অর্থনীতি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাতকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন । তিনি আশা প্রকাশ করেন, তাঁদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর