পিএম সৈকত:
“সবুজ স্বপ্ন, সবুজ আশা—বৃক্ষ হোক ভালোবাসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সবুজ পৃথিবী যুব ফাউন্ডেশন, রাজারহাট।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টায় উপজেলার দুধখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবুজ পৃথিবী যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জিয়াউর রহমান (মন্ডল তারা), বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম, সহকারী শিক্ষক আহমেদ হোসেন মন্ডল (লাল মিয়া) এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, “আগামী প্রজন্মের হাতে আমরা বৃক্ষ তুলে দিচ্ছি। তারা লেখাপড়ার পাশাপাশি বৃক্ষকে ভালোবাসবে এবং একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম বলেন, “আজ যারা বৃত্তি অর্জন করেছে, তাদের জন্য উপহার হিসেবে গাছের চারা দেওয়া হয়েছে। অন্য শিক্ষার্থীরাও মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং ভবিষ্যতে এমন স্বীকৃতি অর্জনের চেষ্টা করবে।”
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।