পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারের অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলা খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ লটারি অনুষ্ঠানে উপজেলার সাতটি ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলার ৭টি ইউনিয়ন থেকে মোট ২,১৬৮ জন কৃষক ধান বিক্রির জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ ২১৬৮জন কৃষককে অনুমোদন প্রদান করে।
এরপর অনুমোদিত কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৪১৭ জন প্রকৃত কৃষককে নির্বাচিত করা হয়। যারা সরকার নির্ধারিত মূল্যে সরাসরি ধান বিক্রি করার সুযোগ পাবেন। লটারি পরিচালনা করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তানজিলা তাসনিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সামছুন্নাহার সাথী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসাঃ মাসুদা বেগম, ওসিএলএসডি হুমায়ুন কবির, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা আইসিটি অফিসার হলেন মো. রেজাউল হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাহিদুল ইসলাম, জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আহম্মদ আলী, প্রেসক্লাব রাজারহাট’র সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সমকাল ও আরটিভি প্রতিনিধি আসাদুজ্জামান আসাদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও কৃষকরা ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি গুদামে ১২৫০ মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে নির্ধারিত মূল্যে নীতিমালা মোতাবেক ক্রয় করবেন। এবার এ মৌসুমে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে ক্রয় করা হবে। প্রতিজন কৃষক সব্বোর্চ ৩ মেট্রিকটন ধান দিতে পারবেন। লটারির ফলাফল দেখতে ক্লিক করুন-https://rajarhat.kurigram.gov.bd/