পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কের দেবীচরণ চড়াইখেলা এলাকায় একটি বালুভর্তি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে সাময়িকভাবে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে কুড়িগ্রাম এক্সপ্রেসের ঢাকাগামী যাত্রীসহ তিস্তা-রমনা রুটের শত শত যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দেবীচরণ চড়াইখেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে ট্রাকের চালক, সহযোগী ও মালিকের কোন খোঁজ পায়নি রেল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-১৫-৩০৪৫ নম্বরের বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কয়েক ফুট স্থানচ্যুত ও বাঁকিয়ে যায়। দুর্ঘটনার পরপরই কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া রেলওয়ে স্টেশনে আটকে রাখা হয়। পরে সেখান থেকে দুপুর ১২টার পর ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
এদিকে রেলপথ বন্ধ হওয়ার পাশাপাশি সড়কেও বালু ছড়িয়ে পড়ায় রাজারহাট-তিস্তা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। প্রায় চার ঘণ্টা পর সড়ক থেকে বালু সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে রেল ও সড়কপথে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, বালুভর্তি ড্রাম ট্রাকটি রেললাইনের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে আছে। উদ্ধারকর্মীরা সকাল থেকে কাজ করলেও বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি সরানো সম্ভব হয়নি।
রাজারহাট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সুমন মিয়া জানান, ভোর সাড়ে ৫টা থেকে উদ্ধার কার্যক্রম চললেও এখনো ট্রাকটি সরানো যায়নি। কখন উদ্ধার কাজ সম্পন্ন হবে, সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তিস্তা রেলওয়ের সিনিয়র সাব-ইঞ্জিনিয়ার (ওয়ে) বজলুর রশিদ বলেন, “কুড়িগ্রাম থেকে চেইনপুল আনা হয়েছে। সেটি দিয়ে চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে রিলিফ ট্রেন আনতে হতে পারে। এতে সময় ও ব্যয় দুটোই বাড়বে।”
বামনডাঙ্গা রেলওয়ের সিনিয়র সাব-ইঞ্জিনিয়ার (ওয়ার্কস) মো. ইদ্রিস আলী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। এছাড়া ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসের সহযোগিতাও চাওয়া হয়েছে। তবে তাদের কাছে ভারী রেকার না থাকায় উদ্ধারকাজে সীমাবদ্ধতা রয়েছে। রেলওয়ের শ্রমিকরাও নিরলসভাবে কাজ করছেন। তবে ট্রাকটি কখন সরানো যাবে সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।
এদিকে আকস্মিক এই পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে দেখা গেছে। এতে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমেদ খান বলেন, “বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে এবং রেললাইন বাঁকা হয়ে গেছে। ট্রাকটি সরানোর কাজ চলছে। কুড়িগ্রাম থেকে চেইনপুল আনা হয়েছে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে কাউনিয়া থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। রমনা লোকাল ট্রেন সাময়িকভাবে বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ট্রাকটি সরিয়ে রেললাইন মেরামতের পরই কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”