বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি এম আমিনুল ইসলামের স্বাক্ষর করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।-খবর তোলপাড়।
৫ বছর ধরে এই প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় বোর্ড কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২০-এর বিধি ৫.৪ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি গঠনসহ প্রয়োজনীয় শর্তাবলি পূরণে ব্যর্থ হলে বা শিক্ষার্থী ভর্তিতে দীর্ঘমেয়াদি অকার্যকারিতা দেখা দিলে বোর্ড প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল করতে পারে। সেই নীতিমালার আলোকেই এই ব্যাখ্যা তলব করা হয়েছে।