Views: 1

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে এই সীমানার মধ্যে আগে থেকে থাকা বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।-খবর তোলপাড়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নূরুল ইসলাম এতে সই করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নূরুল ইসলাম বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৭ আগস্ট স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভার কার্যবিবরণীর ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই কার্যবিবরণীর আলোকে সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, কোনো সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া যাবে না। একই এলাকার মধ্যে আগে থেকেই থাকা বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না।
সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্বাস্থ্য অধিদপ্তরকে অবিলম্বে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
সরকারি হাসপাতালের আশপাশে ব্যাপক হারে বেসরকারি ক্লিনিক স্থাপনের প্রেক্ষাপটে এই নির্দেশনা এসেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দালালের মাধ্যমে এসব বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
এ ছাড়া সরকারি হাসপাতালের অনেক চিকিৎসক নিয়মিত কর্মঘণ্টার পর আশপাশের বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস করে থাকেন। নতুন নির্দেশনার ফলে সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে থাকা বেসরকারি ক্লিনিকে তাদের প্রাইভেট প্র্যাকটিসও বন্ধ থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গৃহীত পদক্ষেপ সম্পর্কে অধিদপ্তরকে অবহিত করতে বলা হয়েছে।