Views: 0

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রাইভেটকারের চালক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।-খবর সংবাদদাতা, সাভার (ঢাকা) ।
ওসি বলেন, এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় মূলহোতা হিসেবে প্রাইভেটকারের মালিক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাতে আমিনবাজারের বরদেশী এলাকায় কারখানার পাশের ভাড়া বাসায় ফিরছিলেন এসআই আলতাফ হোসেন।
পথে তিনি একটি ব্যক্তিগত গাড়িতে থাকা কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখেন। তিনি বাধা দিলে ওই যুবকেরা তার ওপরও চড়াও হন।
একপর্যায়ে আলতাফ হোসেন নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে সেখান থেকে দৌড়ে নিজের কারখানায় ঢুকে পড়েন। পরে অভিযুক্ত ব্যক্তিরা আরো ১৫ থেকে ২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
এ সময় কারখানায় ঢুকে মেশিন, আসবাব ও বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। আলতাফ হোসেন ও তার ছেলে মো. আরিফকেও মারধর করা হয়। এতে বাবা-ছেলে গুরুতর আহত হন।
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত তার ছেলে আরিফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।