পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের আটহাজারী গ্রামে দীর্ঘদিন ধরে বেদখল হয়ে থাকা একটি সরকারি রাস্তা পুনরায় উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের এ উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে বারবার সরকারি সড়ক দখলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (৩ মে) বিকেলে রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বেদখল হওয়া রাস্তার দুই পাশে লাল নিশান স্থাপন করে সেটি দখলমুক্ত ঘোষণা করেন এবং জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আটহাজারী গ্রামের আব্দুস সালাম মাস্টারের বাড়ির সামনের প্রায় ১ হাজার ২০০ ফুট দীর্ঘ সরকারি সড়কটি প্রায় ৩০ বছর ধরে প্রভাবশালী ভূমিদস্যুেদর দখলে ছিল। ফলে এলাকার সাধারণ মানুষকে বিকল্প ও কষ্টসাধ্য পথে চলাচল করতে হতো। বিশেষ করে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
অভিযান চলাকালে প্রশাসন রাস্তার ওপর থাকা অবৈধ দখল অপসারণ করে এবং সীমানা নির্ধারণের মাধ্যমে জনগণের অবাধ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ৩০ বছর পর ২০২৫ সালে উপজেলা প্রশাসন সড়কটি উদ্ধার করে জনসাধারণের জন্য উন্মুক্ত করলেও কিছুদিনের মধ্যেই দখলদাররা আবারও রাস্তা বেদখল করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা সরকারি সম্পত্তি বারবার দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউর রহমান বলেন, “সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এই রাস্তাটি উদ্ধার করে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সরকারি জমি দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”