Views: 1

পিএম সৈকত:
দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, মৌলিক সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সামাজিক বৈষম্য কমাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করার লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে বেইজলাইন সার্ভের তথ্য ও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক সংস্থা HEKS/EPER-এর আর্থিক সহায়তায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) বাস্তবায়িত THRIVE প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
এতে প্রকল্প সমন্বয়কারী রেজাউল করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ববিতা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সভাপতি মানিক চৌধুরী, জ্যোতি আহম্মেদ, সাংবাদিক সুজন মহন্তসহ প্ল্যাটফর্মের সদস্য, বিদ্যানন্দ, ঘড়িয়ালডাঙ্গা ও নাজিমখান ইউনিয়ন পরিষদের সচিব এবং প্রকল্পের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রকল্প সমন্বয়কারী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে THRIVE প্রকল্পের বেইজলাইন সার্ভে ও ফোকাস গ্রুপ আলোচনা (এফজিডি) থেকে পাওয়া তথ্যের তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন। এতে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা, বিদ্যমান সমস্যা, বিভিন্ন সেবা প্রাপ্তির চিত্র এবং উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্রগুলো উপস্থাপন করা হয়।
পরবর্তী উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের সেবা ও সুযোগ-সুবিধার সঙ্গে প্রকল্পের অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করার বিষয়ে মতামত দেন। একই সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানেরা সম্মতি জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির THRIVE প্রকল্প দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যে কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সহায়তা নিয়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তিনি।