Views: 2

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।-খবর তোলপাড়।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, যানবাহন ভাড়া দেওয়ার একটি প্রতিষ্ঠান থাকা ভবনে প্রথমে আগুন লাগে। পরে আগুন আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
থাই কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে কোনো পর্যটক নেই। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
ফুকেট দ্বীপের পশ্চিম উপকূলে পাটং সৈকতের কাছের একটি শহর এলাকায় এ ঘটনা ঘটে। এর চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন।