Views: 0

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রায় ৮ কোটি ভোটের সমর্থন পেয়েছেন বাংলাদেশের প্রতিনিধি মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। দেশের মানুষের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।-খবর তোলপাড় বিনোদন ডেস্ক।
ফেসবুক পোস্টে মাহি লিখেছেন, ‘প্রায় ৮ কোটি ভোটের এই অভাবনীয় সমর্থন শুধু একটি সংখ্যা নয়, এটি আমার প্রতি আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং বাংলাদেশের মানুষের এক বিশাল আবেগের প্রতিফলন।’
দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও প্রতিটি মুহূর্তে মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন অনুভব করছেন জানিয়ে তিনি লেখেন, ‘এই যাত্রায় আমি একা এলেও প্রতিটি মুহূর্তে অনুভব করেছি, আমার সঙ্গে রয়েছে পুরো বাংলাদেশ। আপনাদের প্রতিটি ভোট, প্রতিটি বার্তা, প্রতিটি দোয়া আমাকে আরও সাহসী করেছে।’
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় জানিয়ে মাহি আরও লেখেন, ‘আমি জানি, আপনারা আমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখছেন। আমিও মন থেকে চাই আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রাখতে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরতে।’
পোস্টের শেষাংশে দেশের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি লেখেন, ‘ভালোবাসি বাংলাদেশ। ভালোবাসি আমার দেশের মানুষকে। তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি।’
গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন মাহি। পরদিনই পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন তিনি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রতিযোগিতার চূড়ান্ত আয়োজন।