• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

এক আসনেই ৭০ মনোনয়ন ফরম বিক্রি করল বিএনপি

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

Views: 6

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে ৩ লাখ ৫০ হাজার টাকা আয় করেছে বিএনপি। -খবর তোলপাড়।

শুক্রবার (১৬ অক্টোবর) দিন শেষে মোট ৭০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ফরম বিক্রির দায়িত্বে থাকা এসকে সাদী।

শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। প্রতি ফরমের মূল্য পাঁচ হাজার টাকা। ফরম সংগ্রহের পর তা জমা দিতে আরও ৫০ হাজার টাকা দিতে হবে। অর্থাৎ ফরম সংগ্রহ ও জমা দিতে একজন মনোনয়নপ্রত্যাশীকে মোট ৫৫ হাজার টাকা দিতে হবে।

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়। গত ১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। একই দিন সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর তাঁকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি পদত্যাগ করেন। ওই ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তের কথাও জানানো হয়েছিল।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, এ আসনে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী নারী নেত্রীরা দলীয় ফরম সংগ্রহ করছেন। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার সময় প্রার্থীদের নিজস্ব ভোটার নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য দিতে হবে।

মনোনয়ন ফরমের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় মনোনয়নপ্রত্যাশী শাহিনুর নার্গিসকে। ফরম সংগ্রহ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘৫৫ হাজার টাকা অনেক বেশি। গতবার যে টাকা খরচ হয়েছে, তা শোধ করতে আমার প্রায় তিন মাস লেগেছে। এখন ভাবছি, সংগ্রহ করব কি করব না।’

তবে শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শাহিনুর নার্গিস। এখন ৫০ হাজার টাকা দিয়ে ফরম জমা দেবেন কি না, তা নিয়ে ভাবছেন তিনি।

অন্যদিকে মনোনয়ন ফরম সংগ্রহ করে রোকেয়া চৌধুরী বেবী বলেন, দল ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য যে টাকা ধার্য করেছে, তা বেশি নয়।

দলের জন্য দীর্ঘদিন কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা প্রায় ১৮ বছর রাজপথে সংগ্রাম করেছি। নানা ধরনের হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। আশা করছি, দল আমাদের ত্যাগের মূল্যায়ন করবে।’

মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী রেহানা আক্তার শিরিন

সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রেহানা আক্তার শিরিন।

দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় তিনি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ফ্যাসিস্টের রক্তচক্ষু উপেক্ষা করে জীবন বাজি রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রেখেছেন বলেও জানান তিনি।

রেহানা আক্তার শিরিন বলেন, ‘আমি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমার রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে ফ্যাসিস্টের রক্তচক্ষু উপেক্ষা করে জীবন বাজি রেখে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। সুতরাং সেই জায়গা থেকে আমি সংরক্ষিত নারী আসন-২৩-এর মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী। আমার রাজনৈতিক অভিভাবক আমাকে সুযোগ করে দেবেন, ইনশাআল্লাহ।’

ফরম বিতরণ ও জমার সময়সূচি

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফরম বিতরণ ও জমার সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। পূরণ করা ফরম শনিবার (১৭ অক্টোবর) একই স্থানে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।

বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে আগ্রহী প্রার্থীদের অনুরোধ জানানো হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর এবং ভোটগ্রহণ হবে ১২ নভেম্বর।


এই বিভাগের আরও খবর