• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বাজারে উঠেছে শীতের সবজি, ডিমে স্বস্তি

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

Views: 7

ঢাকার বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি শিম, ফুলকপি ও মুলা। তবে মৌসুমের শুরুতে এসব সবজির দাম চড়া। অন্যান্য সবজির দামেও তেমন পরিবর্তন নেই। এর মধ্যে স্বস্তি ফিরেছে ডিমের বাজারে। গত সপ্তাহের তুলনায় প্রতি ডজন ডিমের দাম কমেছে ১০ টাকা। অন্যদিকে মুরগি, মাছ ও গরুর মাংসের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার রায়ের বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজারসহ বেশ কিছু হাট-বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।-খবর তোলপাড়। 

বাজারে প্রতি কেজি শিম ১৫০ টাকা, ফুলকপি প্রতিটি ৭০ টাকা এবং মুলা ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলের মতো সবজির দাম কেজিপ্রতি ৭০ থেকে ১২০ টাকা। আকার ও মানভেদে লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা এবং টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া বরবটি, ঝিঙে ও করলা ৮০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। প্রতিটি লাউয়ের দাম ৪০ থেকে ৬০ টাকা এবং কচুরমুখি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। তুলনামূলক কম দামে পেঁপে মিলছে ৩০ টাকা কেজিতে।

শসার দামেও রয়েছে পার্থক্য। সাধারণ শসা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও দেশি শসার দাম ৮০ থেকে ১০০ টাকা।

তবে কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। কয়েক সপ্তাহ আগে প্রতি কেজি ২০০ টাকা পর্যন্ত ওঠা কাঁচা মরিচ এখন মানভেদে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাজার করতে আসা ক্রেতা আবু দাউদ বলেন, ১৪০ টাকা দিয়ে দুটি ফুলকপি কিনেছেন। নতুন সবজি হিসেবে সেগুলো কেনার পাশাপাশি ৫০ টাকায় একটি লাউ এবং ৪০ টাকায় এক পোয়া কাঁচা মরিচ নিয়েছেন।

সবজির উচ্চমূল্যের মধ্যে ডিমের দাম কমায় কিছুটা স্বস্তি মিলেছে ক্রেতাদের। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, আর চারটি ডিমের দাম ৫০ টাকা। গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি দাম কমেছে ১০ টাকা।

ডিম বিক্রেতা মাসুম আল হাসান বলেন, বর্তমানে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৪০ টাকায় বিক্রি করছেন।

এদিকে মুরগির বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতা মনির হোসেন বলেন, কয়েক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে ওঠানামা করছে। কোনো সপ্তাহে ১০ টাকা কমছে, আবার পরের সপ্তাহে বাড়ছে। সোনালি মুরগির দামও ৩১০ থেকে ৩২০ টাকার মধ্যে থাকছে।

রাজধানীর বাজারে গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।

মাছের বাজারেও খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। প্রতি কেজি তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা, রুই ও কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪৫০ থেকে ৫০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা এবং মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। বাইম মাছের দাম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা এবং চাষের কই ৩০০ টাকা কেজি।

প্রতি কেজি পোয়া মাছ ২৬০ টাকা, শোল ৭০০ টাকা এবং চাষের শিং মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের রুইয়ের দাম ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি। অন্যদিকে রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে ক্রেতাদের কেজিপ্রতি এক হাজার টাকার বেশি গুনতে হতে পারে।

মাছের দাম নির্ভর করছে সরবরাহ, আকার এবং মাছ জীবিত না মৃত—এসব বিষয়ের ওপর। বাজারভেদে কেজিপ্রতি দামে ১০ থেকে ২০ টাকার পার্থক্যও দেখা যাচ্ছে।

মাছ বিক্রেতা রমিজ উদ্দিন বলেন, শুক্রবার মাছের চাহিদা বেশি থাকায় দামও কিছুটা বাড়ে। তাঁর ভাষ্য, বর্তমানে ২০০ টাকার নিচে মাছ পাওয়া কঠিন। আগে তুলনামূলক কম দামে পাওয়া পাঙাশের দামও এখন ২০০ টাকার ওপরে। সরবরাহের ওপর নির্ভর করে মাছের দাম দিনে একাধিকবার পরিবর্তিত হতে পারে।


এই বিভাগের আরও খবর