• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ১৭ নিহত, আহত ৩৩৩

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

Views: 8

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলায় ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে ১৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। –খবর তোলপাড়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রিয়াদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।-খবর তোলপাড়।

তিনি জানান, ১ অক্টোবর থেকে বিমানবন্দরটি লক্ষ্য করে মোট ২০টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে ১০ অক্টোবর সবচেয়ে বড় হামলায় ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ ১০টি অস্ত্র ব্যবহার করা হয়।

আল-মালিকি অভিযোগ করেন, হুথিরা পরিকল্পিতভাবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বেসামরিক বিমান চলাচল অবকাঠামো লক্ষ্য করছে। এতে বিমানবন্দরের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, দুই পক্ষের মাঝে সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে গত কয়েক সপ্তাহে ইয়েমেনের হুথিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে গোষ্ঠীটি ওমানে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি বিষয়ক উপমন্ত্রী ড. রায়েদ ক্রিমলি বলেন, এই সংঘাত তীব্র আকার ধারণের শুরুতে ওমানের মাসকাটে বৈঠক করার জন্য হুথিদের প্রতি আহ্বান জানানো হয়েছিল। কিন্তু গোষ্ঠীটি বৈঠকের সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে। কয়েক সপ্তাহ আগে হওয়া সেই যোগাযোগই ছিল আমাদের শেষ বার্তা।

সৌদি নেতৃত্বাধীন জোট বলছে, বেসামরিক অবকাঠামোতে হুথিদের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

অন্যদিকে, ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি এক্সে বলেছেন, “মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।”

তবে সৌদি জোটের এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে হুথি বিদ্রোহীরা। সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, বৃহস্পতিবার সৌদিতে কোনো হামলা চালানো হয়নি।

এর আগে ১০ অক্টোবরের হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক ছিলেন। পরদিন ১১ অক্টোবর ফের হামলায় একটি টার্মিনালে আগুন ধরে একজন নিহত ও ১১ জন আহত হন।

নিরাপত্তা পরিস্থিতির কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কয়েকটি বিমান সংস্থা রিয়াদে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে।

সূত্র: আলজাজিরা


এই বিভাগের আরও খবর