Views: 2

আজ ২ নভেম্বর, বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের কাছে তিনি পরিচিত ‘কিং খান’ নামে। তারকাখ্যাতি, সাফল্য আর বিলাসবহুল জীবনযাপনের আড়ালে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। অল্প বয়সে মাকে হারানোর শোক, মধ্যবিত্ত পরিবারের আর্থিক সীমাবদ্ধতা পেরিয়ে অভিনয়ের স্বপ্ন নিয়ে দিল্লি থেকে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন তিনি। টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে শুরু হয়েছিল তার পথচলা। এরপর নিজের অভিনয়দক্ষতা ও পরিশ্রমে জায়গা করে নেন বলিউডে।-খবর তোলপাড়।
দীর্ঘ অভিনয়জীবনে শুধু জনপ্রিয় অভিনেতা হিসেবেই নয়, ব্যবসায়ী হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন শাহরুখ। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’ অনুযায়ী, তার আনুমানিক সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ হাজার ৬৬ কোটি টাকা। তালিকা অনুযায়ী, তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতা।

১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লিতে জন্ম শাহরুখ খানের। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান ছিলেন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত। মা লতিফ ফাতিমা। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা শাহরুখ পড়াশোনা করেছেন দিল্লির সেন্ট কলম্বা স্কুলে। পড়াশোনা, খেলাধুলা ও অন্যান্য কর্মকাণ্ডে ভালো ফলের স্বীকৃতি হিসেবে স্কুলে পেয়েছিলেন সম্মানজনক ‘সোর্ড অব অনার’ পুরস্কার। পরে হংসরাজ কলেজে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন।
তবে পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। কলেজজীবনেই দিল্লির থিয়েটার অ্যাকশন গ্রুপের সঙ্গে যুক্ত হন। সেখানে নিয়মিত মঞ্চে অভিনয় করতেন। দিলীপ কুমার ও অমিতাভ বচ্চনের অভিনয় তাকে অনুপ্রাণিত করেছিল। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই পরে ন্যাশনাল স্কুল অব ড্রামায় প্রশিক্ষণ নেন। মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা তাকে ধীরে ধীরে ক্যামেরার সামনে কাজের জন্য প্রস্তুত করে তোলে।
তারকা হয়ে ওঠার আগে জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে শাহরুখকে। অল্প বয়সে মাকে হারানোর ঘটনা তাকে গভীরভাবে প্রভাবিত করে। পাশাপাশি পরিবারের আর্থিক সীমাবদ্ধতাও ছিল। তবে কোনো বাধাই অভিনয়ের স্বপ্ন থেকে তাকে সরাতে পারেনি। বড় পর্দায় কাজের আশায় একসময় মুম্বাইয়ে পাড়ি জমান। শুরুতে প্রত্যাখ্যান ও ছোটখাটো সুযোগ এলেও হাল ছাড়েননি। নিজের অভিনয়দক্ষতা ও পরিশ্রম দিয়ে ধীরে ধীরে বলিউডে প্রতিষ্ঠা পান।
১৯৮৮ সালে ‘দিল দরিয়া’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন শাহরুখ। এরপর ‘ফৌজি’ ও ‘সার্কাস’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান। ছোট পর্দায় তার অভিনয় দর্শকের নজর কাড়ে। পরে ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। প্রথম দিকের সাফল্যের স্বীকৃতি হিসেবে পান ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেতার পুরস্কার।
এরপর ‘চমৎকার’ ও ‘রাজু বান গয়া জেন্টলম্যান’-এর মতো সিনেমায় অভিনয় করেন। পরে ‘বাজিগর’ ও ‘ডর’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দেন। সিনেমা দুটিও ব্যবসায়িক সাফল্য পায়। এভাবেই টেলিভিশনের অভিনেতা থেকে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হয়ে ওঠেন শাহরুখ।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সিনেমা তাকে দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়তা এনে দিয়েছে। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ সিনেমায় অভিনয় করে আবারও আলোচনায় আসেন তিনি। দীর্ঘ বিরতির পর প্রধান চরিত্রে বড় পর্দায় ফিরে ওই বছর একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দেন শাহরুখ।
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগেও নিজের অবস্থান শক্ত করেছেন এই অভিনেতা। তার অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন তিনি। চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি প্রতিষ্ঠানটি দৃশ্যপ্রভাব তৈরির কাজেও যুক্ত। ফলে অভিনয়ের বাইরে চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনার ব্যবসা থেকেও তার সম্পদের পরিধি বেড়েছে।
বিনোদন জগতের বাইরেও ব্যবসা বিস্তৃত করেছেন শাহরুখ। তিনি যুক্ত আছেন নাইট রাইডার্স স্পোর্টসের সঙ্গে। এই প্রতিষ্ঠানের অধীনে রয়েছে কলকাতা নাইট রাইডার্সসহ একাধিক ক্রিকেট দল। ক্রীড়াব্যবসায় তার অংশীদারত্বও সামগ্রিক সম্পদের অন্যতম উৎস।
সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’-এর তালিকায় ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন শাহরুখ। তবে আগের বছরের তুলনায় তার সম্পদের আনুমানিক পরিমাণ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। ২০২৫ সালের তালিকায় তার সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে কমেছে প্রায় ২০ শতাংশ। চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুনের বৈশ্বিক ধনীদের তালিকায় তার সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ১০ হাজার ৮০০ কোটি রুপি।
এদিকে শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।