• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোকিত রাজারহাট প্রকাশকাল ১–১৫অক্টোবর রাজারহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত কুড়িগ্রামে চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১জন দক্ষ জনশক্তি ও এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান বাংলাদেশের রাষ্ট্রপতি এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা আইন সবার জন্য সমান: বাংলাদেশের প্রধানমন্ত্রী কুড়িগ্রামে নিলামের গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’ —–ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু রাজারহাটে নতুন উপজেলা কার্যালয় ভবন উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বাংলাদেশের রাষ্ট্রপতি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

Views: 0

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তাঁর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।

বিকেলে সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর মহিলা আসন-২৩ সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ১ অক্টোবর থেকে শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পৌঁছানোর পর সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।-খবর তোলপাড়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শূন্য আসন পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়কে জানানো হয়েছে। আসনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এর আগে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। সাক্ষাৎ শেষে সংসদ ভবনের টানেলে সাংবাদিকেরা তাঁর পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।” পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হবে।

রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায় দুই শতাধিক ব্যক্তি। দেশীয় অস্ত্র ও ভাঙার সরঞ্জাম নিয়ে হামলার পর কেন্দ্রটির পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

ঘটনাটিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তদন্তে মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের নামও আলোচনায় আসে। তবে মিষ্টি হামলা, লুটপাট ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

এ ঘটনার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন। দলীয় সিদ্ধান্তের বিষয়টিও সংশ্লিষ্ট পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা নিয়ে সরকারও কঠোর অবস্থানের কথা জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্তাধীন বলে এর আগে জানানো হয়েছিল।

ঘটনার পর ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টির রাজনৈতিক ভূমিকা নিয়েও আলোচনা হয়। গত বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয়েছে বলে দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের জমি এবং ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর কার্যক্রম নিয়েও মিষ্টির নাম আলোচনায় এসেছে। ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে তিনি ওই সমিতির সভাপতি ছিলেন। ওই সময় সমিতির নামে রাড্ডা সেন্টারের জায়গা বরাদ্দ চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষের কাছে করা আবেদনে সভাপতি হিসেবে তাঁর স্বাক্ষর ছিল। তবে বর্তমানে সমিতিটির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে মিষ্টি দাবি করেছেন।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল। হামলা ও ভাঙচুরের পর সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কেন্দ্রটিকে আবার ব্যবহার উপযোগী করতে সংস্কারকাজ দ্রুতগতিতে চলছে।

ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যার অনুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এসব আসন বণ্টন করা হয়। এবারের নির্বাচনে বিএনপির মনোনয়নে ৩৬ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৩০ এপ্রিল তাঁদের গেজেট প্রকাশ এবং ৩ মে শপথ অনুষ্ঠিত হয়। সে হিসাবে প্রায় পাঁচ মাসের মধ্যে সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। সংসদের বর্তমান সদস্য তালিকাতেও তিনি ৩২৩ নম্বর, মহিলা আসন-২৩-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর