Views: 1

ঢাকার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে দুইদিনে ‘হঠাৎ অসুস্থ হয়ে’ দুই হাজতির মৃত্যু হয়েছে। তারা হলেন- বংশাল এলাকার ভাসমান বাসিন্দা মো. সোহাগ এবং ঢাকার ধামরাই থানার ইন্দিরা গ্রামের মো. শামীম।-খবর তোলপাড়।
শনিবার ও রোববার পৃথক সময়ে অসুস্থ হয়ে পড়ার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আরিফ জানান, রোবববার সকাল সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় কারাগারের ভেতরে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন হাজতি সোহাগ। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে সোহাগ ঠিক কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ওই কারারক্ষী।
এর আগে, শনিবার দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়েন অপর হাজতি শামীম। কারারক্ষী রায়হান জানান, কারাগারের ভেতরে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অচেতন হয়ে পড়েন শামীম। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শামীমের মামলার বিবরণী বা গ্রেপ্তারের কারণ সম্পর্কেও কারারক্ষীদের কাছে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, দুই হাজতির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।