Views: 4

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক অর্থায়ন সহজ করা এবং আধুনিক প্রযুক্তির সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তাও বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন তিনি। -খবর তোলপাড়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি জানান, গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল জাতিসংঘের উদ্যোগে আয়োজিত কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ-৩১) সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় যায়। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
রিজভী বলেন, সম্মেলনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নিজেদের প্রয়োজন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেছে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমাতে প্রধানমন্ত্রী পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তাব দিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন, ঋণ ও অনুদানের কাঠামো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তিতে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা।
জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতেও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানান রিজভী।
প্রধানমন্ত্রীর পরিবেশ সংরক্ষণবিষয়ক পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে কর্মসূচির আওতায় গত সাত থেকে আট মাসে প্রায় তিন থেকে চার কোটি বৃক্ষরোপণ করা হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি বেসরকারি সংস্থা, স্কুল ও কলেজও এ উদ্যোগে যুক্ত হয়েছে।
রিজভী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে। এর প্রভাবে বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ দেখা দিচ্ছে এবং প্রাণহানির ঘটনাও ঘটছে। ইউরোপের বিভিন্ন দেশেও চলতি বছর তীব্র গরমে মানুষের মৃত্যু হয়েছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় কোনো একটি দেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; প্রয়োজন সমন্বিত বৈশ্বিক উদ্যোগ।
তিনি আরও বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রমে অর্থায়ন বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর সক্ষমতা তৈরিতে প্রধানমন্ত্রীর প্রস্তাবগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো উপকৃত হবে।
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরকে ফলপ্রসূ উল্লেখ করে রিজভী বলেন, সম্মেলনে বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি, গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে জলবায়ু মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।
সকাল ৫টা ৪০ মিনিটে তাকে বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রুহুল কবির রিজভীসহ বিএনপির নেতারা।