• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

নাশকতা ঠেকাতে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

Views: 1

বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনার পর সম্ভাব্য নাশকতা ঠেকাতে সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।-খবর তোলপাড়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরগুলোর প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশি কার্যক্রম আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়ানো এবং নিরাপত্তাকর্মীদের নিয়মিত টহল নিশ্চিত করতে বলা হয়েছে।

বিমানবন্দরে প্রবেশ করা ব্যক্তিগত গাড়ি, গণপরিবহনসহ সব ধরনের যানবাহন তল্লাশির আওতায় আনার নির্দেশনাও দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা না রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বেবিচক। ল্যান্ডসাইড এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক যানবাহনের ওপর নজরদারি জোরদার করতে বলা হয়েছে।

এ ছাড়া বিমানবন্দর থানার পুলিশকে আশপাশের এলাকায় নিরাপত্তা টহল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট ওঠানামা করে না, সেখানেও রাতের বেলায় নিরাপত্তা পর্যবেক্ষণ ও টহল অব্যাহত রাখার নির্দেশনা রয়েছে।

নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক করতে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার আওতা বাড়ানোর পরিকল্পনা করছে বেবিচক। এ নিয়ে পুলিশের সঙ্গে সংস্থাটির বৈঠক হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তায় দায়িত্ব পালনকারী এপিবিএন নিজস্ব ক্যামেরা স্থাপনের প্রস্তুতি নিচ্ছে।


এই বিভাগের আরও খবর