Views: 1

ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী এবং বিদেশফেরত শ্রমিকদের জামানতবিহীন ঋণ সুবিধা দিতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় ৭ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন নির্ধারিত শ্রেণির গ্রাহকরা।-খবর তোলপাড়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের পাশাপাশি শিক্ষার্থী, প্রবাসী, বিদেশ থেকে প্রত্যাগত শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যরা এ তহবিলের আওতায় ঋণ সুবিধা পাবেন। এ ছাড়া স্মার্ট কার্ডধারী কৃষক, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও নারী উদ্যোক্তারাও এ ঋণ সুবিধার অন্তর্ভুক্ত থাকবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত দিতে হবে না। এ ক্ষেত্রে ব্যাংক চাইলে দুজন গ্যারান্টর নিতে পারবে। অন্যদিকে, সর্বোচ্চ পাঁচজন যৌথভাবে এ তহবিলের আওতায় ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ ঋণের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধ শুরুর সময়সীমা হবে সর্বোচ্চ ছয় মাস। অর্থাৎ ঋণ গ্রহণের ছয় মাস পর থেকে গ্রাহক কিস্তি পরিশোধ করতে পারবেন। তবে কোনো ঋণখেলাপি এ ঋণ সুবিধা পাবেন না।