Views: 1

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আরও ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। রোজার আগেই নতুন দাম কার্যকর করতে চায় তারা।-খবর তোলপাড়।
দাম বাড়ানোর আবেদন জানিয়ে গত ১৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটি আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, দেশের জ্বালানি খরচ ও পরিবহন ভাড়া বেড়ে যাওয়াকে দাম সমন্বয়ের কারণ হিসেবে উল্লেখ করেছে।
প্রস্তাব অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২১৮ টাকা করার কথা বলা হয়েছে। ৫ লিটারের বোতল ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়। তখন এক লিটারের বোতলের দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা হয়।
সংগঠনটির চিঠিতে বলা হয়, ২৫ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় এখনো এই দাম বাড়ানোর সিদ্ধান্তে সম্মতি দেয়নি।
এদিকে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন অভিযোগ করেন, দেশের ৪ থেকে ৫টি বড় কোম্পানি সয়াবিন তেলের বাজারের ৮৫ থেকে ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। তাদের অভিযোগ, এসব কোম্পানি বিভিন্ন সময়ে বাজারে সরবরাহ কমিয়ে সরকারকে চাপে ফেলে দাম বাড়ায়। নির্ধারিত মূল্যের চেয়েও বাজারে ৫ থেকে ১০ টাকা বেশি দামে তেল বিক্রির অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ক্যাবের এই নেতা।