Views: 0

মাদারীপুরের কালকিনি উপজেলায় তাইজুল সরদার হত্যাকাণ্ডের জেরে অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলেও জানা গেছে।-খবর সংবাদদাতা, মাদারীপুর।
সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২২ অক্টোবর সকালে তাইজুল সরদার নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এর ধারাবাহিকতায় সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকায় হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় একের পর এক বোমা বা ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িসহ এলাকার অন্তত অর্ধশতাধিক বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ সুপারসহ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্তে তাইজুল সরদার হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষ গ্রুপ এই হামলা চালিয়েছে বলে জানা গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক মামলা হয়নি। তবে পুলিশের নিজস্ব তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।