• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সরকারি বাসায় এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিল 

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

Views: 0

সরকারি বাসস্থানে অপরিচ্ছন্ন পরিবেশ বা এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে নিয়ম লঙ্ঘনকারীদের বড় অঙ্কের জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে।-খবর তোলপাড়।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

মীর শাহে আলম বলেন, ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় গঠিত ২০টি পরিবীক্ষণ টিমকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকা শহরকে বাসযোগ্য করার বিষয়ে গুরুত্ব দিয়ে আসছেন। তিনি নিজে বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোয়ার্টারের অবস্থা পরিদর্শন করেছেন। কিন্তু বড় সরকারি কোয়ার্টার, অ্যাপার্টমেন্ট ও হাসপাতালগুলোতে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা ও অবহেলার চিত্র পাওয়া গেছে।

পরিবীক্ষণ কমিটির সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মাঠে কাজ করছেন। যেখানে অনিয়ম ও লার্ভা পাবেন, সেখানেই আইনগত ব্যবস্থা ও কঠোর জরিমানা করবেন। সরকারি কর্মচারীরা নিজেদের কোয়ার্টার পরিষ্কার রাখতে না পারলে তাদের সরকারি বাসায় থাকার কোনো যোগ্যতা নেই।”

নগরীর সৌন্দর্য ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, হাতিরঝিল, ধানমণ্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কার-পরিচ্ছন্ন করে আগের সৌন্দর্য ফিরিয়ে আনতে রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খাল পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও নেটিংয়ের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্লাস্টিক বা লোহার ডাস্টবিন চুরি হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ফাইবার বোর্ড দিয়ে নতুন ডাস্টবিন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সিটি করপোরেশন পর্যায়ক্রমে এসব ডাস্টবিন স্থাপন করবে।

২০টি পরিবীক্ষণ টিম সমন্বিতভাবে কঠোর ভূমিকা পালন করলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে ঢাকার পরিষ্কার-পরিচ্ছন্নতায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২০টি জোনে ২০টি বিশেষ পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তরে ১০টি এবং দক্ষিণে ১০টি কমিটি কাজ করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব জোনাল কমিটির নেতৃত্ব দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিবীক্ষণের দায়িত্বে থাকা ২০টি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর