• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী বঙ্গভবনে অফিস করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবে স্পিকারের বাসভবনে অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর মিছিল বন্ধ করি চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন ৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সন্তানহারা প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

 

রাজধানীর মগবাজারের আদ্ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারগুলোর সঙ্গে যৌথ আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। একই সঙ্গে আগে ঘোষণা করা বিভিন্ন সহায়তা সুবিধাও বহাল রাখা হয়েছে।-খবর তোলপাড়।

রোববার (৭ জুন) সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে শিশির মনির জানান, ক্ষতিগ্রস্ত পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমেই ক্ষতিপূরণের অঙ্ক চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, “প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে ঘোষণা করা অন্যান্য সুযোগ সুবিধাও বহাল থাকবে।” তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এরই মধ্যে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

এই ঘটনার পর শনিবার (৬ জুন) সংবাদ সম্মেলন করে আদ্ দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দীর্ঘমেয়াদি সহায়তার ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়, নবজাতকদের বাবা, মা, ভাইবোন ও পরিবারের অন্যান্য সদস্যরা আদ্ দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠানে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসাসেবা আজীবন বিনা মূল্যে পাবেন।

শুধু চিকিৎসা নয়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও রাখার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আদ্ দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে বিনা বেতনে পড়াশোনার সুযোগ, বিশেষ বৃত্তি এবং পরিবারের যোগ্য সদস্যদের চাকরির ব্যবস্থার কথাও বলা হয়েছে।

এদিকে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে অতিরিক্ত ৪৮ ঘণ্টা সময় চেয়েছে আদ্ দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। শিশির মনির জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আইনজীবীসহ সশরীরে উপস্থিত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে চায়। এজন্য তারা আগামী ৯ জুন পর্যন্ত সময় চেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, সময় বৃদ্ধির আবেদনপত্র তারা পেয়েছেন। তিনি বলেন, শোকজের জবাব দেওয়ার নির্ধারিত সময় রোববার বিকেল ৫টা পর্যন্ত ছিল। এর মধ্যে জবাব না পেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আদ্ দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার তদন্ত, হাসপাতালের দায়বদ্ধতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলের নজরে রয়েছে। এর মধ্যেই ক্ষতিপূরণ ও দীর্ঘমেয়াদি সহায়তার সিদ্ধান্ত কিছুটা হলেও ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকার বার্তা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com