জামায়াতের মহিলা শাখার সমাবেশ স্থগিত
জামায়াতে ইসলামীর মহিলা শাখা আগামী শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে যে সমাবেশ আয়োজন করার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সমাবেশ স্থগিতের বিষয়টি জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে স্থগিতের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।-খবর তোলপাড়।
এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের এই সমাবেশের ঘোষণা দেন। সে সময় তিনি জানান, সারা দেশে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, হুমকি ও হয়রানির প্রতিবাদ এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ মো. তাহের বলেন, জামায়াতে ইসলামীর মোট সদস্যের প্রায় ৪৩ শতাংশ নারী। চলমান নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীরা সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন। তিনি অভিযোগ করেন, নারী সমর্থকদের ব্যাপক অংশগ্রহণ দেখে প্রতিপক্ষরা আতঙ্কিত হয়ে তাদের ওপর হামলা ও ভীতি প্রদর্শনের পথ বেছে নিচ্ছে। নারীর অধিকারের কথা যারা বেশি বলে, তারাই বাস্তবে নারীদের ওপর বেশি আক্রমণ চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে বড় ধরনের দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচন কমিশন হয়তো ক্ষমতাহীন অবস্থায় রয়েছে অথবা ইচ্ছাকৃতভাবে একটি পক্ষের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
উল্লেখ্য, আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সর্বশেষ ঘোষণায় কর্মসূচি স্থগিত করা হলেও পরবর্তী কর্মসূচি কবে এবং কীভাবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে দলটির পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।









Chief Editor-Dipali Rani Roy