পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে মোট ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের হার ৭০ দশমিক ২৫ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নিয়মানুযায়ী না করায় ভোটগুলো বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।-খবর তোলপাড়।
ইসি সূত্রে জানা গেছে, এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রবাস থেকে নিবন্ধন করেন ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন। এ ছাড়া সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদি মিলিয়ে দেশে নিবন্ধন করেন ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন। সব মিলিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন নিবন্ধন করেন। নিবন্ধিতদের মধ্যে প্রবাস থেকে ভোট দিয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৩৭২ জন এবং দেশের ভেতরে ভোট দিয়েছেন ৬ লাখ ৭৯ হাজার ৮১৬ জন।
মোট ভোট দিয়েছেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন, যা মোট নিবন্ধনের ৮০ দশমিক ১১ শতাংশ।
প্রবাস থেকে পাঠানো ৪ লাখ ৯৮ হাজার ২০৪ জনের ভোট এবং দেশের ভেতর থেকে পাঠানো ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮ জনের ভোট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন। সব মিলিয়ে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি ভোট, যা মোট নিবন্ধনের ৭৬ দশমিক ২৮ শতাংশ। রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছানো ব্যালটের মধ্যে প্রবাস থেকে পাঠানো ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি এবং দেশের ভেতর থেকে পাঠানো ৬ লাখ ১ হাজার ৫২৪টি ভোট বৈধ হয়েছে।
সব মিলিয়ে বৈধ ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি, যা মোট নিবন্ধনের ৭০ দশমিক ২৫ শতাংশ।









Chief Editor-Dipali Rani Roy