রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ: সভাপতি সুজনসহ আহত ৬
পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্রশিবিরের উপজেলা পশ্চিম শাখার সভাপতি সুজন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, রবিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজারহাট বাজারের অদূরে শান্তিনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রশিবিরের সভাপতি সুজন মিয়া, কর্মী মাহিন, জামায়াত কর্মী শরিফুল এবং ছাত্রদলের উপজেলা আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য রাকিব ও কলেজ শাখার সদস্য আপন গুরত্বর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ কারণে রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ছাত্রদল রাজারহাট বাজারের অদূরে শান্তি নগর এলাকায় জামায়াতের মিডিয়া বিভাগের সদস্য রুবেল মিয়াকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠে। খবর পেয়ে ছাত্র শিবির ঘটনাস্থলে পৌচ্ছিলে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ। তবে উভয় গ্রুপই থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।









Chief Editor-Dipali Rani Roy