• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ব্যালন ডি’অর ট্রফির দাম কত, এটা কী দিয়ে তৈরি?

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

Views: 0

ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি ব্যালন ডি’অর। প্রত্যেক বছর এই পুরস্কার জেতার স্বপ্ন দেখেন বিশ্বের সেরা ফুটবলাররা। লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোদের হাতে উঠেছে সোনালি রঙের এই ট্রফি। কিন্তু দেখতে সোনার মতো হলেও ব্যালন ডি’অর কি পুরোপুরি সোনা দিয়ে তৈরি? এর দামইবা কত? -তোলপাড় ডেস্ক।

ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল প্রত্যেক বছর এই পুরস্কার দিয়ে থাকে। ইংরেজিতে ব্যালন ডি’অরের অর্থ ‘গোল্ডেন বল’ বা সোনার বল। তবে ট্রফিটি পুরোপুরি সোনার তৈরি নয়। এর ভেতরে মোমের মতো একটি উপাদান রয়েছে। বাইরের অংশে পিতলের পাত ব্যবহার করা হয়। পরে এর ওপর সোনার প্রলেপ দেওয়া হয়। ট্রফিটি বসানো থাকে পাইরাইট পাথরের ভিত্তির ওপর।

ব্যালন ডি’অর কী দিয়ে তৈরি
ব্যালন ডি’অর ট্রফিটি তৈরি করতে তামার ও দস্তার সংকর ধাতু—পিতলের (যা সোনার মতো চকচকে রূপ দেয়) দুটি পাতকে ঢালাই করা হয়। এভাবেই ট্রফিটিকে একটি অর্ধগোলকের রূপ দেওয়া হয় এবং ট্রফির মূল আকৃতি তৈরি করা হয়, যা হলো- একটি ফুটবল।

তারপর স্বর্ণকার ব্লোটর্চ দিয়ে টুকরো দুটিকে জোড়া দেন, অন্যদিকে খোদাইশিল্পী বলটির ভেতর মোমের মতো উপাদান দিয়ে পূর্ণ করেন এবং ছেনি ও হাতুড়ি দিয়ে বলের সেলাইগুলোর নকশা ফুটিয়ে তোলেন। তৈরি হওয়া ট্রফিতে খাঁটি সোনার প্রলেপ দেওয়া হয়। যেখানে আগেই ‘ফ্রান্স ফুটবলের’ লোগো খোদাই করা থাকে। সবশেষে এটি একটি ভিত্তির ওপর বসানো হয়, যার কাঠামোতে পাইরাইট পাথর ব্যবহার করা হয়।

দাম কত ব্যালন ডি’অরের
ব্যালন ডি’অর ট্রফির আনুমানিক মূল্য ৩ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার লাখ টাকা। তবে ট্রফিটির প্রকৃত মূল্য এর চেয়ে অনেক বেশি হতে পারে। এর ঐতিহাসিক গুরুত্ব ও বিরলতার কারণে মূল্য ৫ লাখ ইউরো ছাড়িয়ে যেতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রফিটির বাইরের অংশে ১৮ ক্যারেট সোনার প্রলেপ দেওয়া হয়। তবে ট্রফিটি তৈরিতে ঠিক কতটা সোনা ব্যবহৃত হয়, সে বিষয়ে প্রকাশিত তথ্যের মধ্যে অসংগতি রয়েছে।

উচ্চতা-ওজন
ব্যালন ডি’অর ট্রফিটির উচ্চতা ৩১ সেন্টিমিটার, দৈর্ঘ্য ২৩ সেন্টিমিটার ও প্রস্থ ২৩ সেন্টিমিটার, এবং এর ওজন ৭ কেজি ২০০ গ্রাম।

ব্যালন ডি’অর ট্রফির উচ্চতা প্রায় ৩১ সেন্টিমিটার এবং ব্যাস ২৩ সেন্টিমিটার। ওজন সাত কেজির কিছু বেশি। আকারে খুব বড় না হলেও ওজনের কারণে ট্রফিটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা সহজ নয়।

১৯৫৬ সালে শুরু
১৯৫৬ সালে প্রথমবার দেওয়া হয় ব্যালন ডি’অর পুরস্কার। ফরাসি অলংকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেলেরিও দি মেলেরো প্রথম ট্রফিটি তৈরি করে। বর্তমান ট্রফির নকশাকার ফ্রাঁসোয়া মেলেরিও।

১৯৮৩ সাল থেকে ট্রফিটির বর্তমান নকশা ব্যবহার করা হচ্ছে। আগের সংস্করণটিও দেখতে অনেকটা একই রকম ছিল, তবে আকারে ছোট এবং চাকচিক্যে তুলনামূলক কম ছিল।

২০১৮ সালে প্রথমবার দেওয়া হয় মেয়েদের ব্যালন ডি’অর। এই পুরস্কারের নাম ব্যালন ডি’অর ফেমিনাঁ। চালুর পর থেকে মেয়েদের পুরস্কারের ট্রফির নকশা একই রয়েছে।

ট্রফি জিতলে কি টাকা পাওয়া যায়?
ব্যালন ডি’অর জিতলে ফ্রান্স ফুটবল থেকে সরাসরি কোনো অর্থ পুরস্কার দেওয়া হয় না। তবে চুক্তির শর্ত অনুযায়ী ক্লাব ও স্পনসরদের কাছ থেকে আর্থিক বোনাস পেতে পারেন বিজয়ীরা।

আরেকটি বিষয়, বিজয়ীরা সাধারণত মূল ট্রফির বদলে এর একটি প্রতিরূপ পান। সেটি অনেক সময় তাঁদের ক্লাবে রাখা হয় কিংবা জাদুঘরে সংরক্ষণ করা হয়।


এই বিভাগের আরও খবর