Views: 0

ইরাকের সুলাইমানিয়াহতে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় ধাপের প্রতিযোগিতায় সোনার পদক জয়ের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ও কম্পাউন্ড নারী দলগত—দুই ইভেন্টেই ফাইনালে উঠেছেন বাংলাদেশের আর্চাররা। দুই ফাইনালেই তাদের প্রতিপক্ষ কাজাখস্তান।-তোলপাড় ডেস্ক।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের সেমিফাইনালে উজবেকিস্তানকে সরাসরি ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। দলের হয়ে লড়েন সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি।
অন্য সেমিফাইনালে স্বাগতিক ইরাককে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কাজাখস্তান। আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে এই ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
কম্পাউন্ড নারী দলগত ইভেন্টেও ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি।
এই ইভেন্টের অন্য সেমিফাইনালে ইরাক ও কাজাখস্তানের লড়াই নির্ধারিত সময়ে ২১৭-২১৭ পয়েন্টে সমতায় শেষ হয়। পরে শুটঅফে ২৯-২৭ পয়েন্টে স্বাগতিকদের হারিয়ে ফাইনালে ওঠে কাজাখস্তান।
আগামী ২৯ অক্টোবর কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ইভেন্টে সোনা জয়ের হাতছানি এখন বাংলাদেশের সামনে।