Views: 0

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মালতিবাড়ী দিগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, লেখাপড়ায় অগ্রগতি, শৃঙ্খলা রক্ষা, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।-খবর আব্দুল মালেক, উলিপুর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধরণীবাড়ী ১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সিরাজুল ইসলাম সার্বিক সহযোগিতায় বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. মো. আইনুল ইসলামের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ শিক্ষক ধীরেন্দ্রনাথ বর্মণের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, বিদ্যালয়ের সাবেক এসএমসি সদস্য মো. রফিকুল ইসলাম, ধামশ্রেণী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নবী সরকার, ধরণীবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলাম মন্ডল, ক্রীড়া শিক্ষক তৈয়ব আলী, সহকারী শিক্ষক আমিনুল ইসলামসহ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে অভিভাবকদের আরও সচেতন ও সম্পৃক্ত হতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আয়োজকেরা জানান, এ ধরনের সমাবেশ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও দায়িত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।