Views: 0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। কুমিল্লাগামী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।-খবর তোলপাড়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে মহাসড়কের এই অংশে যানজটের তীব্রতা বাড়তে থাকে। সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে কুমিল্লামুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশে যান চলাচল বাধাগ্রস্ত হয়। পরে গাড়ির চাপ বাড়ার সঙ্গে সঙ্গে গজারিয়া অংশে যানজট দীর্ঘ হতে থাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যানজটের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন দীর্ঘ সময় আটকে থাকছে। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের যাত্রায় বাড়তি সময় লাগছে।
ভোগান্তির চিত্র তুলে ধরে ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, জামালদী এলাকা থেকে যানজটে আটকে পড়েন তিনি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তাঁর প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।
অন্যদিকে বাসচালক আলী আকবর জানান, বালুয়াকান্দি থেকে যানজটে পড়ে ভাটেরচর পৌঁছাতে তাঁর প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।
এক বাসযাত্রী বলেন, ছুটির দিনে পারিবারিক ও ব্যক্তিগত কাজে গ্রামের বাড়িতে যেতে হয়। আবার কাজ শেষে ঢাকায় কর্মস্থলে ফিরতে হয়। কিন্তু মহাসড়কের নিয়মিত যানজটের কারণে এসব যাতায়াত ব্যাহত হচ্ছে। সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, সেতুর ঢালে বিকল হওয়া কাভার্ড ভ্যানটি সরানোর কাজ চলছে। দ্রুত গাড়িটি সরানো সম্ভব হলে এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
দীর্ঘদিন ধরে এ মহাসড়কের বিভিন্ন অংশে যানজটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা দ্রুত বিকল যানবাহন অপসারণ এবং মহাসড়কে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।