• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, রুটিন প্রকাশ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

Views: 0

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।-খবর তোলপাড়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা রুটিন থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত রুটিনে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

রুটিন অনুযায়ী, ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি প্রথম পত্র এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। অন্যান্য বিষয়ের পরীক্ষাও নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। একই তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।

গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর এইচএসসিতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৬ জন।

অন্যদিকে, এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে এক বিষয়ে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন অকৃতকার্য হয়েছে।

ফল প্রকাশের দিনই এক থেকে দুই মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরই ধারাবাহিকতায় আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হতে যাচ্ছে।


এই বিভাগের আরও খবর