Views: 0

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন পোড়ানো এবং অশ্লীল সিনেমার ছবি সংযুক্ত করে ঝুলিয়ে রাখার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও স্থানীয় মুসল্লিরা।-খবর সংবাদদাতা, ফুলবাড়ি(কুড়িগ্রাম)।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা ভূমি অফিস (কাছারি মাঠ) থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ও স্থানীয় মুসল্লিরা।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়কের পাশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা আব্দুল রহমান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা সেকেন্দার আলী প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৪ নভেম্বর (শনিবার) দিবাগত রাতে কতিপয় দুর্বৃত্ত পবিত্র আল-কোরআন পোড়ানোর পর অশ্লীল সিনেমার ছবি সংযুক্ত করে উপজেলা পরিষদের প্রধান ফটকে ঝুলিয়ে রেখে যায়। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।