• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

Views: 1

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা ও গোপালগঞ্জসহ দেশের সাতটি জেলায় সর্বমোট ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।-খবর তোলপাড়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোতায়েনকৃত ৯৬ প্লাটুন বিজিবির মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, গোপালগঞ্জ জেলায় ২৭ প্লাটুন, চট্টগ্রাম জেলায় ১৫ প্লাটুন, গাজীপুর জেলায় ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জ জেলায় ৬ প্লাটুন, ফরিদপুর জেলায় ৩ প্লাটুন এবং ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক মোতায়েনের জন্য আরও ৫ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, কেপিআই এলাকা ও শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার হুমকি প্রতিরোধে সার্বক্ষণিক টহল ও নজরদারি চালানো হচ্ছে।

এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর আধুনিক নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এর জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিভিন্ন আধুনিক ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত সীমান্তরক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট জেলাসমূহে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সাথে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক চলাচলের পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর