Views: 1

উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অনুসন্ধান, প্রকৃত উদ্যোক্তা নির্বাচন ও অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পরিচালিত ‘উদ্যোগ (UDYOG): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। আগামী ১ নভেম্বর থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় এ কর্মসূচির আবেদন গ্রহণ শুরু হবে।-খবর তোলপাড়।
কর্মসূচির সক্রিয়করণ পর্যায়ে আট বিভাগের আট জেলা- মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণার সব উপজেলায় আবেদন গ্রহণ করা হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখায় তরুণ উদ্যোক্তারা আবেদন জমা দেন।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি, ফেনীতে ১ হাজার ২৬১টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, রংপুরে ২ হাজার ৭৪৫টি এবং নেত্রকোণায় ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে।
এর ধারাবাহিকতায় উল্লিখিত আট জেলা ছাড়া অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন।
কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বরে এসএমইএসপিডি সার্কুলার নং-০৫-এর মাধ্যমে জারি করা হয়েছে। নীতিমালাটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal) পাওয়া যাবে।
আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নং-০৫-এর মাধ্যমে জারি করা হয়েছে। নীতিমালাটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং এসএমই পোর্টালে পাওয়া যাবে।
দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে এ কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ ব্যাংক।