Views: 2

পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ফুলখাঁর চাকলা উচ্চ বিদ্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়।
সকাল ১০টায় বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের হলরুমে জাতীয় কন্যাশিশু দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।
সভায় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব সাহিদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দীকা, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত ও সহসভাপতি এম আজিজুল হক, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র কাজ্জী এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।